logo

শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ৩

শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ৩
স্বর্ণসহ গ্রেপ্তাররা। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২১ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া।

Advertisement

রাকিব হাসান ভূঁইয়া জানান, স্বর্ণগুলো ১৫টি ডিম্বাকৃতি বস্তুতে পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন ৬৪৩ ভরি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এএসপি রাকিব হাসান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনি ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মুন্সীগঞ্জের সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।

এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএনের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। পরে এপিবিএন কার্যালয়ে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তীতে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।

এপিবিএন জানায়, জব্দ করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। চোরাচালানের উদ্দেশ্যে অভিনব কৌশলে শরীরের সঙ্গে বেঁধে এগুলো বহন করা হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, সৌদি আরবে নিয়মিত যাতায়াত করেন ইয়াছিন আরাফাত। সেখান থেকে কৌশলে স্বর্ণ এনে জুয়েল ও শাওনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন।

এপিবিএনের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় তাদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে এপিবিএন।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, ‘কয়েকদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চক্রের স্বর্ণের পেস্ট চোরাচালানের পরিকল্পনা সম্পর্কে নজরদারি করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এপিবিএনের অভিযান ভবিষ্যতেও চলবে।’