গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীদের বহন করা প্রাইভেটকারের পথরোধ করে গুলি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা লুটের ঘটনায় সহযোগীসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সহযোগীর হেফাজত থেকে লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে গাজীপুর ডিবি পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ এ তথ্য জানান।
গ্রেপ্তার ইমরান শেখ (২৪) কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ নভেম্বর) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে সহযোগী রবিন আহম্মেদকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। রবিন ওই এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, রবিনের হেফাজত থেকে লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় সাতটি মামলা রয়েছে। রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীদের বহন করা একটি প্রাইভেটকারের পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তারা গুলি করে বিকাশের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) আহত করে এবং টাকা লুট করে নিয়ে যায়।
সেদিন ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়। বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা সংগ্রহ করা হয়। পরে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা চার কোটি টাকা প্রাইভেটকারে করে মাওনা চৌরাস্তার কার্যালয়ে নেওয়া হচ্ছিল। প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির পথরোধ করে। তারা পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গাড়িতে রাখা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকা লুটের ধারণা করা হলেও পরে গাড়িতে অবশিষ্ট বস্তার টাকা গণনা করে এক কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। সে হিসাবে দুর্বৃত্তরা প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা নিয়ে যায়।







