৩ উপজেলা অনুমোদনের পর দেশে এখন উপজেলার সংখ্যা কত

একাত্তরে স্বাধীনতার লাভের পর বাংলাদেশ ৪টি বিভাগ ও ১৯টি জেলা নিয়ে গঠিত হয়। ৫৫ বছর পর বর্তমানে দেশে ৮টি বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা ও ৪৫৯৯ ইউনিয়ন রয়েছে। বাংলাদেশ সরকারি জাতীয় তথ্য বাতায়ন থেকে এসব তথ্য জানা গেছে।
বর্তমান সরকার নতুন আরও তিনটি উপজেলা ও একটি নতুন থানার অনুমোদন দিয়েছে। সেগুলো হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ ও ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। নতুন থানাটি হলো চট্টগ্রামের ‘হালদা’। এর ফলে উপজেলার সংখ্যা দাঁড়াল ৪৯৮।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’-এর ১২১তম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।
এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে থানার সংখ্যা ৬৩৯। এর মধ্যে সব মহানগরের (মেট্রোপলিটন) আওতাধীন থানা আছে ১১০টি। আর জেলা পর্যায়ের থানা আছে ৫২৯টি। নতুন একটি থানার অনুমোদন দেওয়ায় দেশে এখন থানার সংখ্যা হলো ৬৪০। আর জেলা পর্যায়ের সংখ্যা হলো ৫৩০।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এসব উপজেলা ও থানা অনুমোদন করা হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে।’
নিকারের প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।
এ ছাড়া চট্টগ্রারের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা’ থানা।




