logo

ভোঁদড় দিয়ে মাছ ধরার শত বছরের ঐতিহ্য ধরে রেখেছেন রওজক

রাফিদুল ইসলাম রাজু
নড়াইল
ভোঁদড় দিয়ে মাছ ধরার শত বছরের ঐতিহ্য ধরে রেখেছেন রওজক
ভোঁদড় দিয়ে মাছ ধরার প্রস্তুতি। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলের খাল-বিল ও জলাশয়ে একসময় ছিল ভিন্নধর্মী এক দৃশ্য। তা হলো, জালের সঙ্গে মাছ ধরতে পানিতে ছুটে বেড়াত প্রশিক্ষিত ভোঁদড়। সময়ের সঙ্গে মাছ ধরার পদ্ধতিতে এসেছে পরিবর্তন। আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসেছে ভোঁদড় দিয়ে মাছ ধরার শত বছরের ঐতিহ্য।

নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের রওজক বিশ্বাস এখনো ধরে রেখেছেন বাপ-দাদার আমলের এই পেশা। প্রায় ৩০ বছর ধরে ভোঁদড় দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। তার পরিবারে প্রায় শত বছর ধরে চলে আসছে এ ঐতিহ্য।

বাপ-দাদার কাছ থেকেই ভোঁদড় দিয়ে মাছ ধরার কৌশল শিখেছেন রওজক। পানিতে জাল ফেলার পর প্রশিক্ষিত ভোঁদড়কে সঙ্গে নিয়ে মাছ ধরেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় ভোঁদড়কে প্রশিক্ষণ দেওয়া ও নিয়ন্ত্রণের কৌশলও আয়ত্ত করেছেন এ জেলে।

মাছ শিকারে ব্যস্ত ভোঁদড়। ছবি: এশিয়া পোস্ট
মাছ শিকারে ব্যস্ত ভোঁদড়। ছবি: এশিয়া পোস্ট

তবে আগের মতো নেই খাল-বিলের মাছের প্রাচুর্য। মাছ কমে যাওয়ায় কমেছে আয়ও। ঐতিহ্য ধরে রাখলেও এ পেশায় টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে জানান রওজক।

আধুনিকতার সঙ্গে বদলে গেছে মাছ ধরার পদ্ধতিও। ফলে নতুন প্রজন্মের কাছে ভোঁদড় দিয়ে মাছ ধরা এখন অনেকটাই অপরিচিত। নিজের সন্তানদেরও এ পেশায় আনতে চান না রওজক।

ভোঁদড় দিয়ে মাছ ধরার চেষ্টা। ছবি: এশিয়া পোস্ট
ভোঁদড় দিয়ে মাছ ধরার চেষ্টা। ছবি: এশিয়া পোস্ট

একসময় নড়াইলের খাল-বিলের পরিচিত দৃশ্য ছিল ভোঁদড় দিয়ে মাছ ধরা। এখন হাতে গোনা কয়েকজনের হাত ধরে টিকে আছে শত বছরের এ ঐতিহ্য। সময়ের সঙ্গে এ পদ্ধতি হারিয়ে গেলে, হারিয়ে যেতে পারে গ্রামীণ বাংলার মাছ ধরার এ ব্যতিক্রমী সংস্কৃতিও।