মাশরাফির বিরুদ্ধে সহিংসতায় অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের

নড়াইলের সহিংসতার ঘটনায় মাশরাফি বিন মর্তুজার ইন্ধনের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘নড়াইলের পলাতক আ.লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠায় মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও সে চালিয়েছে।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে এবং এজন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যায় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছে।’
শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এসব বলেন রাশেদ খাঁন।
তিনি লিখেন, ‘তার (মাশরাফি) চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে যে, মাশরাফি নাকি বিএনপির দু'জন নেতাকে হত্যার নির্দেশনা দেয় নি! তো এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির ২ নেতাকে হত্যার নির্দেশনা দিই নি! কেনো বলছে না? মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছে। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিল।’
রাশেদ খাঁন লিখেন, ‘মাশরাফি বিন মর্তুজা মনে করতেছে ভবিষ্যতে আ.লীগ ফিরবে, সেই ভরসায় ২ বছর গ্যাপ দিয়ে এবছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘মাশরাফির কোনো মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতো, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতো। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আ.লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে...!’






