খুলনা যুবদলকে সতর্ক করে কেন্দ্র থেকে নতুন নির্দেশনা জারি

খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণার দুই মাস পেরিয়ে গেলেও নির্দেশনা মেনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে অপারগ হওয়ায় দলটির স্থানীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে, পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য তিন দিন সময় বেধে দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার (২১ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরকৃত খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে পাঠানো এক সতর্কীকরণপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, চলতি বছরের ২০ সেপ্টেম্বর খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
কিন্তু এখন পর্যন্ত জেলা যুবদলের কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। কেন্দ্রীয় যুবদল বিষয়টিকে সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে।
সতর্কীকরণ চিঠিতে আরও বলা হয়, চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী তিন দিনের মধ্যে খুলনা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। অন্যথায় সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।
এর আগে, যুবদলের খুলনা জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি চলতি বছরের ২০ সেপ্টেম্বর অনুমোদন দেওয়া হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেন। কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকেকে সভাপতি ও গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।





