নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল–ছাত্রদলের তালা

নোয়াখালীর চাটখিল উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও পরিষদের কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে পর্যায়ক্রমে এসব পরিষদে তালা দেওয়ার ঘটনায় কয়েকটি ইউনিয়নে সরকারি সেবা কার্যক্রম ব্যাহত হয়।
চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে শাহাপুর ছাড়া বাকি আটটি—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়।
সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের প্রতি রাজনৈতিক ক্ষোভ থেকে এ ঘটনা ঘটানো হয়েছে। কয়েকটি পরিষদে গিয়ে নেতাকর্মীরা ‘ওপরের নির্দেশ’ রয়েছে বলে তালা দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে অবস্থান নিয়ে একদল নেতাকর্মী স্লোগান দেন। সৈয়দ মাহমুদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় সরকারি প্রয়োজনীয় কাগজপত্রও তছনছ করা হয়। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
অন্যদিকে দুপুর ১২টার দিকে একদল নেতাকর্মী নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে যান। তারা ‘ওপরের নির্দেশ’ রয়েছে জানিয়ে চেয়ারম্যানকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন। তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধন কার্যক্রম চলছিল। পরে চেয়ারম্যান নিজের কক্ষে তালা দিয়ে চলে যান। এরপর নেতাকর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং পরিষদের সচিবসহ অন্য কর্মচারীদের বের করে দেন।
এতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে পণ্য বিতরণ করতে বাধ্য হন সংশ্লিষ্ট ডিলার।
এ বিষয়ে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বিষয়টি সন্ধ্যার দিকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। বর্তমানে যারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলব।
আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় কিছু নেতাকর্মী এসব তালা দিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কিছু কর্মকাণ্ডের কারণে ক্ষুব্ধ হয়ে তারা এমনটি করেছেন।
তিনি আরও বলেন, আমরা তাদের বলেছি, আপনারা যা করেছেন, তা সরকারের পক্ষে যাচ্ছে না। তারা বলেছেন, বিষয়টি না বুঝে করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আবার চালু হবে।






