হাসিনা না ফেরার জট শামীম ওসমান খুলে দিয়েছেন: রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট শামীম ওসমান খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
রাশেদ খাঁন বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এ জন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত।’
তিনি লেখেন, ‘শেষমেষ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয় তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবেন যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!’
রাশেদ বলেন, ‘এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না আসলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্ট্যান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চায়, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।





