অনলাইন জুয়ায় জেল-জরিমানা নিয়ে সংসদে বিল পাস

এশিয়া পোস্ট ডেস্ক
অনলাইন জুয়ায় জেল-জরিমানা নিয়ে সংসদে বিল পাস
ছবি : সংগৃহীত

বাজি বা পণ (বেটিং), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ ভিপিএন বা মিরর সাইট ব্যবহার করে বিভিন্ন ধরনের জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন করতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস হয়েছে জাতীয় সংসদ।

Advertisement

পাস হওয়া বিলে অনলাইন বেটিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছর; অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ায় পাঁচ বছর; ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সংসদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব করেন। পরে বিরোধী দলের সদস্যদের আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তির পর বিলটি পাস হয়।

বিদ্যমান পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ রহিত করে নতুন আইনটি করা হচ্ছে। সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে জুয়া নিরোধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণের নীতির কথাও বিলের উদ্দেশ্য ও কারণ অংশে উল্লেখ করা হয়েছে।

বিলে বলা হয়েছে, সাধারণ জুয়ার অপরাধে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

আর অনলাইন বেটিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

পাস হওয়া বিলে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, জুয়ার স্থান, সামগ্রীসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধের প্রকৃতিভেদে ১৪ ধরনের সাজার (অর্থদণ্ড/কারাদণ্ড/উভয়দণ্ড) বিধান রাখা হয়েছে।