আমাকে স্পিকার ডেকেছেন, দেখা করেছি: ফেরদৌসী আহমেদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে যান তিনি। সেখানে স্পিকারের সঙ্গে আলোচনার পর তিনি সরাসরি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।
এ সময় সংসদ ভবনের টানেলে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার পদত্যাগের বিষয়ে নানা প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে এ নিয়ে তিনি কথা বলতে রাজি হননি।
সাংবাদিকরা জানতে চান, ‘ভেতরে কী কথা হলো? এই প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
তারা আরও জানতে চান, ‘আপনি পদত্যাগ করেছেন কি না?’ এ প্রশ্নের জবাব না দিয়ে তিনি দ্রুত চলে যান। গাড়িতে ওঠার পরও সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি।’
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের প্রশ্নে তিনি আরও বলেন, ‘তদন্ত হোক।’ পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’
এদিকে ফেরদৌসী আহমেদ প্রসঙ্গে স্পিকারের কার্যালয় থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জাতীয় সংসদ ও বিএনপির সূত্র বলছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার জন্যই স্পিকারের সঙ্গে দেখা করেছেন। স্পিকার সম্ভবত বিএনপির দলীয় পর্যায়ে বিষয়টি আরও একটু নিশ্চিত হতে চান। এ জন্যই আনুষ্ঠানিকভাবে কিছু বলা হচ্ছে না।
