logo

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর। ছবি: এইচএসআইএ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনার প্রেক্ষাপটে দেশের সব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইতোমধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে। বেবিচকের একজন উর্ধ্বতন কর্মকতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনা বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।

বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।