logo

বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা জোরদারে ১৫ ফায়ার অপারেটরকে বিশেষ প্রশিক্ষণ

বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা জোরদারে ১৫ ফায়ার অপারেটরকে বিশেষ প্রশিক্ষণ
প্রশিক্ষণ শেষে ফটোসেশন। ছবি: বেবিচকের সৌজন্যে

দেশের বিমানবন্দরগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তুলতে ১৫ জন নবনিয়োগপ্রাপ্ত এয়ারপোর্ট ফায়ার অপারেটরকে ১২ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সিভিল এভিয়েশন অ্যাকাডেমিতে ‘Crash Fire & Rescue (CFR) Initial Course No. 06’-এর প্রশিক্ষণ শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন বিমানবন্দরের ফায়ার বিভাগে নবনিয়োগপ্রাপ্ত ১৫ জন অপারেটর এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল এভিয়েশন অ্যাকাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) গ্লোবাল এভিয়েশন ইমার্জেন্সি প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান চলাচলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বেবিচকের চলমান উদ্যোগে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, ১২ সপ্তাহের এ কোর্সে প্রশিক্ষণার্থীদের অগ্নিনির্বাপণ মহড়া, ফায়ার ফাইটিংয়ের বিভিন্ন কৌশল এবং অগ্নিনির্বাপণ গাড়ি পরিচালনার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে বিমানবন্দরে অগ্নিকাণ্ড ও বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের পরিচালক (ফায়ার) (চলতি দায়িত্ব) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আইকাওর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং এয়ারপোর্ট ইমার্জেন্সি প্ল্যান বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

এ সময় উপপরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং কোর্স সমন্বয়কারী ও ইন্সট্রাক্টর (ফায়ার) মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট