logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ব্যাংকের পরিচালক হতে মন্ত্রী-এমপিদের নিষেধাজ্ঞা

• এক পরিবার থেকে পরিচালক সর্বোচ্চ দুজন

• পরিচালকদের মেয়াদ কমে ছয় বছর

• স্বতন্ত্র পরিচালক বাড়ানো ও পর্ষদ পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব

ব্যাংকের পরিচালক হতে মন্ত্রী-এমপিদের নিষেধাজ্ঞা
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি

ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব ও পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা থাকতে পারবেন না। একই পরিবারের সদস্যদের পরিচালক হওয়ার সংখ্যাও কমানো হচ্ছে। পাশাপাশি পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে।

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষদকে প্রভাবমুক্ত রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত খসড়া চূড়ান্ত করেছে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হতে পারে। পরে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

Advertisement

খসড়ায় পরিচালনা পর্ষদে রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি একই পরিবারের সদস্যদের সংখ্যা সীমিত করা, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের ঋণ পরিশোধে কঠোর বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাও বাড়ানোর কথা বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছিল। ওই সময়ের অধিকাংশ সুপারিশই নতুন খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাবিত আইনে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ বন্ধ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক পদে থাকা ব্যক্তিরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।

বর্তমান ব্যাংক কোম্পানি আইনে ব্যাংকের পর্ষদে মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিচালক হওয়ার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে মন্ত্রিসভার সদস্যদের লাভজনক পদে থাকা এবং মুনাফার উদ্দেশ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে রাখার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। তিনি বলেন, পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো।

ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবারের সদস্যদের আধিপত্য কমাতে তাদের সংখ্যা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন একই সময়ে একটি ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে।

এ ছাড়া একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগও কমানো হচ্ছে। বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠান থেকে দুজন প্রতিনিধি পরিচালক থাকার সুযোগ থাকলেও নতুন প্রস্তাবে তা কমিয়ে একজন করার কথা বলা হয়েছে।

অতীতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের মালিকানা ও পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে এস আলম গ্রুপ, বেক্সিমকো, প্রিমিয়ার গ্রুপ ও সিকদার গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ব্যাংকের পর্ষদে রাখার ঘটনাও আলোচনায় আসে। নতুন প্রস্তাবে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। নতুন বিধান কার্যকর হলে কোনো পরিচালক টানা ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না।

ব্যাংক কোম্পানি আইনে ২০১৮ সালের সংশোধনীর মাধ্যমে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর থেকে বাড়িয়ে নয় বছর করা হয়েছিল। পরে ২০২৩ সালে তা আরও বাড়িয়ে ১২ বছর করা হয়।

বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, তারা পরিচালকদের মেয়াদ ৯ বছর করার প্রস্তাব দিয়েছিলেন। তবে ছয় বছরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে।

অন্যদিকে, ২০ জনের কম সদস্যের পর্ষদে বর্তমানে অন্তত দুজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থেকে তাদের নিয়োগের বিধান স্পষ্ট করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে এমন কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ না দেওয়ার বিধানও যুক্ত হচ্ছে।

ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না।

নতুন প্রস্তাব অনুযায়ী, ব্যাংক খাতের স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা পাবে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার ধারণের সীমা বহাল থাকবে।

বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশি সুবিধা এবং দেশি বিনিয়োগকারীদের জন্য কম সুবিধা এমন বৈষম্য যেন তৈরি না হয়, সে বিষয়ে দাবি জানিয়েছি।

ব্যাংকের পরিচালক পদে থাকা অবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো পরিচালকের পদ শূন্য হলে তার কাছে ব্যাংকের পাওনা অর্থ শেয়ার সমন্বয়ের মাধ্যমে আদায়ের বিধান রয়েছে।

নতুন প্রস্তাবে বলা হয়েছে, পরিচালকের পদ শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে ঋণ পুনঃ তপশিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ থাকবে না।

এ ছাড়া পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন বিধান যুক্ত হচ্ছে। কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদের সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। তবে বছরে সর্বোচ্চ একবারের বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে বাংলাদেশ ব্যাংক বর্তমান আইন অনুযায়ী সেই পর্ষদ বাতিল করতে পারে। নতুন প্রস্তাবে পর্ষদ বাতিলের পাশাপাশি নিজেদের উদ্যোগে নতুন পর্ষদ গঠনের ক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।

নতুন পর্ষদের মেয়াদ প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানোর ক্ষমতা পাবে বাংলাদেশ ব্যাংক। তবে এ পর্ষদের মেয়াদ কোনোভাবেই তিন বছরের বেশি হবে না। পরবর্তী সময়ে ব্যাংকের সাধারণ সভায় সদস্যদের মাধ্যমে পরিচালক নির্বাচনের বিধানও যুক্ত করার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে।

ব্যাংকের সংঘবিধি বা পরিচালনাসংক্রান্ত মৌলিক নিয়ম পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি সনদ ছাড়া কোনো ব্যাংক কোম্পানির সংঘবিধি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক হলে, ওই প্রতিষ্ঠানের ২০ শতাংশের বেশি শেয়ারের মালিক হলে কিংবা ঋণের জামিনদার হলে সেটিকে তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করার প্রস্তাব রয়েছে।

বর্তমানে প্রয়োজনীয় হিসাব, বিবরণী বা তথ্য দিতে ব্যর্থ হলে কিংবা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করলে ২০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। নতুন খসড়ায় জরিমানার সর্বনিম্ন পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। তবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অপরিবর্তিত থাকছে।

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তবে তার মতে, ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।

আহসান এইচ মনসুর বলেন, পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে ৫০ শতাংশ করা উচিত। বৈশ্বিক চর্চাও তা-ই। পাশাপাশি কৌশলগত বিনিয়োগকারীদের জন্য আরও সুযোগ তৈরি করা প্রয়োজন। দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০, ৩০ এমনকি ১০০ শতাংশ পর্যন্ত শেয়ার কেনার সুযোগ দেওয়া যেতে পারে। তবে এ সুযোগ ব্যক্তির পরিবর্তে প্রতিষ্ঠানকে দেওয়া উচিত।

পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর করা এবং এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক রাখার প্রস্তাব তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালেই দিয়েছিলেন বলে জানান।

তিনি আরও বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিচারপতি বা বিচারকদেরও ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া উচিত নয়। ব্যাংক খাতে কার্যকর সংস্কার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইনের মতো গুরুত্বপূর্ণ আইনও সংসদে পাস করা প্রয়োজন।