logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

তিন মাসে পোশাক রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলার ছাড়াল

তিন মাসে পোশাক রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলার ছাড়াল
ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কর্মরত বাংলাদেশি নারীরা। ছবি: এপি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৪ কোটি ৫১ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ৬ দশমিক ২৫ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৯৯২ কোটি ৫২ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তৈরি পোশাক খাতের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

Advertisement

প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, আগের প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুনের তুলনায়ও তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। ওই প্রান্তিকে রপ্তানি আয় ছিল ১ হাজার ৯ কোটি ৮২ লাখ ডলার।

প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ দশমিক ৭৯ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ সময়ে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৩০৫ কোটি ৩১ লাখ ডলার।

তৈরি পোশাকের দুই প্রধান পণ্যের মধ্যে নিট পোশাকে রপ্তানি আয় ও প্রবৃদ্ধি দুটিই বেশি। জুলাই-সেপ্টেম্বর সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৫৯৪ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৭ দশমিক শূন্য ২ শতাংশ। আগের প্রান্তিকের তুলনায় বেড়েছে ৮ দশমিক শূন্য ৮ শতাংশ।

অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪৬০ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। তবে আগের প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে চাহিদার সাময়িক পুনরুদ্ধার, বড় বাজারগুলোতে পণ্য সরবরাহ বৃদ্ধি এবং চালান পাঠানোর অনুকূল সময়ের কারণে নিট পোশাকে রপ্তানি আয় বেড়েছে। তবে বৈশ্বিক পোশাকের চাহিদা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তার কারণে এ খাতের পুনরুদ্ধার এখনো দুর্বল।

দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশটিতে ২২১ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে রপ্তানি হয়েছে ১২৮ কোটি ৮৫ লাখ ডলারের পোশাক।

এ ছাড়া স্পেনে ১১৪ কোটি ৪৭ লাখ, জার্মানিতে ১১১ কোটি ৯৪ লাখ, নেদারল্যান্ডসে ৫৯ কোটি ৫৬ লাখ, ফ্রান্সে ৪৪ কোটি ৭৯ লাখ, কানাডায় ৩৪ কোটি ৮৫ লাখ, ইতালিতে ৩১ কোটি ৫৪ লাখ এবং বেলজিয়ামে ১২ কোটি ৯৭ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।

এই ৯ দেশে মোট তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭৬০ কোটি ৩৭ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এসব দেশে রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ২৯ শতাংশ। এই ৯ বাজারে দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৭২ দশমিক ১১ শতাংশ গেছে।

প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ সবচেয়ে বেশি হলেও দেশটির মোট আমদানিতে বাংলাদেশের তৈরি পোশাকের অংশ ৮৫ দশমিক ৬৯ শতাংশ। অন্যদিকে যুক্তরাজ্যে বাংলাদেশের মোট রপ্তানির ৯৪ দশমিক ৩২ শতাংশই তৈরি পোশাক।

তৈরি পোশাক রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতেও বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে পোশাক খাতের জন্য কাঁচামাল আমদানি হয়েছে ৩৭৭ কোটি ৫০ লাখ ডলারের। এর মধ্যে রয়েছে তুলা, কৃত্রিম ও ভিসকস ফাইবার, সুতা, বস্ত্র এবং পোশাক তৈরির বিভিন্ন উপকরণ।

এই আমদানি ব্যয় বাদ দিলে তৈরি পোশাক খাত থেকে নিট রপ্তানি আয় দাড়ায় ৬৭৭ কোটি ডলার। আগের প্রান্তিকের তুলনায় এ আয় বেড়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ। আর গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ। মোট তৈরি পোশাক রপ্তানি আয়ের ৬৪ দশমিক ২০ শতাংশ ছিল নিট রপ্তানি আয়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় বাড়লেও কয়েকটি চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশের সঙ্গে প্রতিযোগিতা।

এ ছাড়া কয়েকটি বড় ইউরোপীয় ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি চালান কমে যাওয়াকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। বড় কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও এ খাতের ঝুঁকি বাড়াচ্ছে।

প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে, বৈশ্বিক পোশাকের চাহিদা পুনরুদ্ধারের সম্ভাবনা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান এবং পরিবেশগত ও শ্রমমান উন্নয়নের অগ্রগতির কারণে নিকট ভবিষ্যতে এ খাতের পরিস্থিতি মোটামুটি ইতিবাচক থাকতে পারে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন বাজার খোঁজা, উচ্চমূল্যের পোশাক উৎপাদন এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।