logo

ব্যাংক ঋণ ছাড়াই হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য খোরশেদ আলমের

ব্যাংক ঋণ ছাড়াই হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য খোরশেদ আলমের
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বাংলাদেশের বস্ত্র ও শিল্প খাতের অগ্রগতির অন্যতম প্রধান কারিগর মোহাম্মদ খোরশেদ আলম। মাত্র ৬৪ হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করে বস্ত্র, স্পিনিং, নিটিং উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্যে তিনি গড়ে তুলেছেন এক বিস্তৃত বহুমুখী শিল্প সাম্রাজ্য। তিনি একাধারে লিটল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ-চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিসিসিআই) সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক এবং ডাচ-বাংলা ব্যাংকের সাবেক পরিচালক। এইচ এন ফ্যাব্রিক্স, ফিনিক্স স্পিনিং মিলস, একুরেট ফ্যাশন ও দেশ টেক্সটাইলস প্রসেসিং মিলসসহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম তার টেক্সটাইল কারিগরি প্রযুক্তি, আন্তর্জাতিক ইনডেন্টিং এবং বৈশ্বিক কারখানা পরিচালনা ও অধিগ্রহণের দীর্ঘ অভিজ্ঞতার জন্য সুপরিচিত।

সম্প্রতি এশিয়া পোস্ট-এর বিশেষ আয়োজন ‘বিয়ন্ড বিজনেস’-এ তিনি কথা বলেছেন তার শৈশব, প্রারম্ভিক উদ্যোক্তা জীবন, আন্তর্জাতিক বাণিজ্যের অভিজ্ঞতা, দেশের শিল্পখাতের বর্তমান বাস্তবতা এবং চীনের অর্থনৈতিক উন্নয়ন থেকে বাংলাদেশের শিক্ষা নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রিয়াজুল করিম। প্রযোজনা করেছেন জায়েদ আল মাহবুব।

Advertisement

এশিয়া পোস্ট: আপনি অত্যন্ত ব্যস্ত সময় পার করেন। আপনার শৈশব, স্কুল ও পরিবার সম্পর্কে যদি কিছু স্মৃতিচারণ করতেন।

খোরশেদ আলম: আমার বাড়ি মুন্সীগঞ্জ শহরের কোটগাঁওয়ে। শৈশবে আমি এবিজিএম গার্লস স্কুলে পড়েছি, যেখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছেলেমেয়েরা একসঙ্গে পড়ার সুযোগ পেত। সেখানে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল বাবুল আক্তার। যিনি পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের সময় টেলিভিশনে বেশ পরিচিত মুখ ছিলেন। তার আম্মা রওশন আরা বেগম আমাদের ওই স্কুলের শিক্ষক ছিলেন। স্কুলটি আমাদের বাড়ির একদম কাছেই ছিল। এরপর আমি ভর্তি হই ইদ্রাকপুর কেল্লার পাশের মুন্সীগঞ্জ হাই স্কুলে। সেখান থেকে মেট্রিক পাস করে হরগঙ্গা কলেজে ভর্তি হই এবং বিকম পর্যন্ত পড়াশোনা করি।

এশিয়া পোস্ট: আপনি বিকম পাস করেছিলেন কত সালে?

খোরশেদ আলম: ১৯৭০ সালে, পাকিস্তান আমলের শেষ ব্যাচে।

এশিয়া পোস্ট: বিকম শেষ করার পর কি চাকরিতে যোগ দিয়েছিলেন, নাকি সরাসরি ব্যবসায় চলে এসেছিলেন?

খোরশেদ আলম: আমি কখনও চাকরি করিনি। তবে যখন অষ্টম শ্রেণিতে পড়ি, তখন থেকেই বলতে গেলে ব্যবসা শুরু করি। মুন্সীগঞ্জে আমার বাবার দোকান ছিল, সেখানে বসতাম এবং বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তবে অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই আমি আলাদাভাবে নিজের ব্যবসা শুরু করি। আমার প্রথম ব্যবসা ছিল নির্বাচন অফিসের কাগজের টেন্ডার ব্যবসা।

এশিয়া পোস্ট: জীবনের প্রথম সেই টেন্ডার ব্যবসার অভিজ্ঞতা কেমন ছিল?

খোরশেদ আলম: সেটা ছিল মহকুমা অফিসারের (এসডিও) অধীনস্থ একটি সরকারি টেন্ডার। টেন্ডারে অংশগ্রহণ করার পর আমি মূল্যের দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন (সেকেন্ড লয়েস্ট) হলাম। তখন আমি টেকনিক্যালি এসডিও সাহেবকে গিয়ে জিজ্ঞেস করলাম যে, বিজয়ী পক্ষ এক রিমে কতটি কাগজ দিচ্ছে? তৎকালীন সময়ে কর্ণফুলী পেপার মিলের কাগজ এক রিমে ৪৮০টি (২৪ দিস্তা) ধরা হতো। কিন্তু আমি টেন্ডারে উল্লেখ করেছিলাম প্রতি রিমে ৫০০ পিস থাকবে। আমি এসডিও সাহেবকে বুঝিয়ে বললাম যে, আমার রিমে কাগজ বেশি থাকায় হিসাব করলে প্রকৃতপক্ষে আমার দরই সর্বনিম্ন দাঁড়ায়। তিনি বিষয়টি বুঝতে পেরে আমাকে কার্যাদেশ দিলেন। এরপর বাংলাবাজার থেকে ৪০০ রিম কাগজ কিনে নৌকায় করে মুন্সীগঞ্জ নিয়ে ডেলিভারি দিলাম এবং সুন্দরভাবে বিল পেয়ে গেলাম।

এশিয়া পোস্ট: ব্যবসার শুরুতে আপনার প্রাতিষ্ঠানিক মূলধনের জোগান হয়েছিল কীভাবে?

খোরশেদ আলম: ছোটবেলা থেকেই আমার কাছে আত্মীয়স্বজনরা টাকা দিলে আমি তা জমাতাম। আমি প্রাইজ বন্ড কিনতাম এবং খাতায় নম্বর লিখে রাখতাম। এভাবে জমানো টাকা এবং নিজের করা কিছু ছোটখাটো কেনাবেচা মিলে প্রথম বড় পুঁজি দাঁড়িয়েছিল প্রায় ৬৪ হাজার টাকা। পরবর্তীতে ১০ম শ্রেণিতে পড়ার সময় আমি ঢাকায় ইসলামপুরের বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে (তৎকালীন টেক্সটাইল ইনস্টিটিউট) ১৩৫০ টাকার একটি টেন্ডারে অংশ নিয়ে ১৬০ থেকে ১৬৫ টাকার মতো লাভ করি। তখন এক ভরি স্বর্ণের দাম ছিল ৯৯ টাকা।

এশিয়া পোস্ট: ইন্টারমিডিয়েট পড়ার সময়ে আপনি পাকিস্তান গিয়েছিলেন। সেই সফরের অভিজ্ঞতা এবং প্রথম আন্তর্জাতিক ব্যবসার গল্পটি যদি বলতেন।

খোরশেদ আলম: ১৯৬৮ সালে হরগঙ্গা কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমি পাকিস্তান যাই। প্লেনে বিআইএর ৩০ শতাংশ স্টুডেন্ট কনসেসনে টিকেট কেটেছিলাম। পাকিস্তান যাওয়ার সময় আমি সঙ্গে ২০ কেজি পান নিয়ে যাই, কারণ সেখানে পানের বিশাল চাহিদা ছিল। করাচিতে নেমে পানগুলো বিক্রি করে আমি প্রায় চার গুণ লাভ করি। এরপর পেশোয়ার বিশ্ববিদ্যালয়, লান্ডিকোটার (আফগানিস্তান সীমান্ত), লাহোর, রাওয়ালপিন্ডি ও মারি ঘুরে দেখি। লান্ডিকোটার থেকে উইলসন ফাউন্টেন পেন, প্লেয়িং কার্ড ও রেকর্ড প্লেয়ার কিনে আনি। এরপর করাচির পাইকারি বাজার থেকে মোজা ও মাফলার কিনে পোস্ট পার্সেলের মাধ্যমে মুন্সীগঞ্জে বাবার দোকানের ঠিকানায় পাঠাই। দেশে ফিরে সেগুলো বিক্রি করে খরচ বাদেও প্রায় দ্বিগুণ মুনাফা করেছিলাম।

এশিয়া পোস্ট: স্বাধীনতার পর কীভাবে বস্ত্র খাতে যুক্ত হলেন এবং আপনার জাপান ভ্রমণের গল্পটি কেমন ছিল?

খোরশেদ আলম: ১৯৭২ সালের দিকে আমার ভগ্নিপতির সঙ্গে যৌথভাবে বাইতুল মোকাররমে ‘বঙ্গবস্ত্রালয়’ নামে একটি কাপড়ের দোকান দিই। সেখানে জাপান থেকে আসা ‘লেডি হ্যাটন’ নামের একটি বিশেষ নরম কাপড় খুব বিক্রি হচ্ছিল। কাপড়ের বুনন কৌশল দেখার প্রবল আগ্রহ থেকে ১৯৭২ সালেই আমি ব্যাংকক হয়ে টোকিও যাই। সেখানে গিয়ে তাদের কাজের কমিটমেন্ট এবং অপচয় রোধ করার অসাধারণ সংস্কৃতি শিখি। দেশে ফিরে ১৯৭৩ সালে মিরপুরে হ্যান্ডলুম কিনে বসাই এবং ‘ফ্লাইং ফিশ’ ব্র্যান্ড নামে হাজিদের জন্য বিশেষ নকশার রুমাল তৈরি করে বাজারজাত শুরু করি। পাশাপাশি আমার ভাইয়ের সাথে বাটন (বোতাম) তৈরির ফ্যাক্টরি পরিচালনা করি।

এশিয়া পোস্ট: সেনাবাহিনীতে মশারি সরবরাহের মাধ্যমে ‘এইচ এন ফ্যাব্রিক্স’-এর যাত্রা কীভাবে শুরু হয়েছিল?

খোরশেদ আলম: ১৯৭৬ সালে আমরা মশারির কারখানা ‘এইচ এন ফ্যাব্রিক্স’ গড়ে তুলি। জার্মানির ‘কার্ল মেয়ার’ মেশিন দিয়ে উচ্চমানের মশারি নেট তৈরি করতাম। তখন সেনাবাহিনীতে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ভারী সুতি কাপড়ের মশারি ব্যবহার করা হতো, যাতে বাতাস চলাচলে সমস্যা হতো। আমি নিজে গবেষণা করে একটি হালকা, কম খরচের এবং বাতাস চলাচলের উপযোগী নতুন ডিজাইনের স্যাম্পল তৈরি করে সেনাসদর দপ্তরে উপস্থাপন করি। তৎকালীন কর্তৃপক্ষ বিষয়টি পরীক্ষা করে আমার ডিজাইনটি অনুমোদন দেয়। এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম আধুনিক মশারির প্রচলন ঘটে। পরবর্তীতে নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও বিডিআরেও আমরা মশারি সরবরাহ করি।

এশিয়া পোস্ট: জরি সুতা তৈরি এবং ট্রেডিং ব্যবসায় প্রবেশের ঘটনাটি বলবেন কি?

খোরশেদ আলম: বেনারসী শাড়ির জরি সুতা ভারত থেকে আসত। আমি ঘুরে দেখে এসে নিজে কাস্টমাইজড মেশিন তৈরি করে চট্টগ্রাম রেন সুতা এবং জাপানি ফিলামেন্ট দিয়ে দেশেই প্রথম উচ্চমানের জরি সুতা তৈরি করি। ১৯৮৫ সালে ‘ইন্টিমেট ইন্টারন্যাশনাল’ গড়ে তুলে টেক্সটাইল যন্ত্রপাতি ও স্টিম বয়লারের আন্তর্জাতিক ট্রেডিং ও ইন্ডেন্টিং শুরু করি।

এশিয়া পোস্ট: ‘ফিনিক্স স্পিনিং মিলস’ প্রতিষ্ঠার পেছনের ইতিহাস কী?

খোরশেদ আলম: দ্বীন মোহাম্মদ সাহেব ও পারটেক্স গ্রুপের হাশেম সাহেবসহ কয়েকজন মিলে ফিনিক্স স্পিনিং মিলস গঠনের উদ্যোগ নেন এবং আমাকে আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব দেন। ১৯৮৫ সালে সিঙ্গাপুর থেকে একটি সেকেন্ডহ্যান্ড স্পিনিং প্রজেক্ট কিনে আনা হয়। আমি নিজে ১১ জন রেফ্রিজারেশন ও টেক্সটাইল টেকনিশিয়ান নিয়ে সিঙ্গাপুরে আড়াই মাস থেকে হাতে-কলমে যন্ত্রাংশগুলো খুলে প্যাকেট করে বাংলাদেশে নিয়ে আসি। এরপর সাভার ইপিজেডের পাশে ৫৫ হাজার টাকা বিঘা দরে ১৬ বিঘা জমি কিনে কারখানাটি গড়ে তুলি।

এশিয়া পোস্ট: চীনে ব্যবসায়িক কার্যালয় স্থাপন এবং বৈশ্বিক ট্রেডিংয়ের পরিধি কীভাবে বিস্তার করেছিলেন?

খোরশেদ আলম: আমি ১৯৮৫ সালে প্রথম চীনে যাই এবং ১৯৮৭ সালে সেখানে নিজস্ব অফিস স্থাপন করি। আমার নিজস্ব ব্র্যান্ড ‘ফ্লাইং ইগল’-এর নামে চীনে যন্ত্রপাতি তৈরি করিয়ে বাংলাদেশ ও ভারতে সরবরাহ করতাম। চীনের ইয়ানতাই শহরের মেয়রের আমন্ত্রণে গিয়ে সাড়ে ৭ হাজার ডলারে ‘জাম্বু জিগার’ ডাইং মেশিন তৈরির ঐতিহাসিক চুক্তি করেছিলাম। বাংলাদেশের পাশাপাশি গ্রিস ও দক্ষিণ আফ্রিকাসহ ১৬টি দেশ থেকে টেন্ডারে আস্ত টেক্সটাইল কারখানা কিনে এনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করেছি। এ পর্যন্ত ব্যবসার প্রয়োজনে ৬৪টি দেশ সফর করেছি। এর মধ্যে চীনে ১১৬ বার, দক্ষিণ কোরিয়ায় ১১৩ বার, ভারতে ৭২ বার এবং সুইজারল্যান্ডে ৬০ থেকে ৬৪ বার গিয়েছি।

এশিয়া পোস্ট: বাংলাদেশ-চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবে চীনের শিল্প বিপ্লব থেকে বাংলাদেশের কী শেখার আছে বলে মনে করেন?

খোরশেদ আলম: চীনে উৎপাদনে অপচয় নেই বললেই চলে এবং তাদের উৎপাদন খরচ বাংলাদেশের চেয়ে অন্তত ২৮ শতাংশ কম। আমাদের দেশে একটি ৬০ হাজার স্পিন্ডেলের স্পিনিং মিল চালাতে ১১০০ লোক লাগে, যেখানে চীনে লাগে মাত্র ৮৪ জন। তারা আধুনিক প্রযুক্তি ও সুনির্দিষ্ট কাজের দক্ষতার ওপর জোর দেয়। আমাদের তরুণ সমাজকে প্রাতিষ্ঠানিক ডিগ্রি দেওয়ার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষা দিতে হবে। চীনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কারখানায় নিয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।

এশিয়া পোস্ট: চীনে তিন বছরে তিন বিলিয়ন ডলারের ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য রপ্তানির যে পরিকল্পনার কথা বলেছেন, সেটি কীভাবে বাস্তবায়িত হতে পারে?

খোরশেদ আলম: চীন বাংলাদেশকে শতভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। আমার পরিকল্পনা হলো- চীনের বড় বড় শহরে ৩০টি প্রদর্শনী কেন্দ্র বা আউটলেট নিয়ে সেখানে সরাসরি ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগে আমাদের তৈরি পোশাক, গৃহস্থালি টেক্সটাইল, বেডশিট, আম, কাঁঠাল, মাছ এবং প্রক্রিয়াজাত মাংস প্রদর্শন ও বিক্রি করা। মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি চাইনিজ ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে পারলে প্রতি বছর অন্তত এক বিলিয়ন ডলার এবং তিন বছরে তিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা সম্ভব।

এশিয়া পোস্ট: একজন প্রবীণ উদ্যোক্তা হিসেবে বর্তমানে আপনার প্রতিষ্ঠানের সামগ্রিক মূল্যায়ন কত এবং নতুন তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী?

খোরশেদ আলম: আমি ১৯৬৪ সালে মাত্র ৬৪ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। বর্তমানে শুধু সাভারের স্পিনিং মিলটির বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা এবং ভুলতার মিলটির মূল্য প্রায় ১২৫ কোটি টাকা। এছাড়া অন্যান্য সম্পদ রয়েছে। সবচেয়ে বড় বিষয়- আমার কোনো ব্যাংক ঋণ নেই, আমি ঋণমুক্ত ব্যবসা করতে পছন্দ করি। তরুণ উদ্যোক্তাদের জন্য আমার প্রথম পরামর্শ হলো- মোবাইল আসক্তি ছেড়ে রাত সাড়ে ৯টা বা ১০টার মধ্যে ঘুমাতে হবে এবং ভোরে উঠে কাজ শুরু করতে হবে। কাজের জায়গায় শতভাগ সততা থাকতে হবে, কখনো মিথ্যা বলা যাবে না এবং প্রতিদিন অন্তত ১৬ ঘণ্টা কঠোর পরিশ্রম করতে হবে।