অনার্সের শেষ দুই বছর জাপানে পড়ার সুযোগ পাবেন রাবি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘২+২’ অ্যাকাডেমিক প্রোগ্রামের আওতায় অনার্সের প্রথম দুই বছর রাবিতে এবং শেষ দুই বছর জাপানে পড়াশোনা করার সুযোগ পাবেন।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল আমারিতে রাবি উপাচার্যের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অ্যাকাডেমিক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় এবং যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।
প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত অ্যাকাডেমিক যোগ্যতা সাপেক্ষে শিক্ষার্থীরা জাপানের অংশীদার বিশ্ববিদ্যালয়ে শেষ দুই বছর পড়াশোনা করার সুযোগ পাবেন। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করলে তারা জাপানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক সনদ অর্জন করবেন।
এ সময় রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, প্রস্তাবিত ‘২+২’ অ্যাকাডেমিক প্রোগ্রামটি আমাদের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াবে এবং তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় আরও দক্ষ করে তুলবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থী চলাচলের নতুন ক্ষেত্র তৈরি হবে।
তিনি আরও বলেন, আমরা আশা করছি, এই উদ্যোগ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে তাদের আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।
জাপানের প্রতিনিধিদলে ছিলেন কিবিগাকুয়েন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরি এবং প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার রিজিওনাল ওরিয়েন্টেড স্টাডিজের রিসার্চ অর্গানাইজেশনের পরিচালক অধ্যাপক ড. শিনজিরো ওগিতা।




