রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ও চারুকলা অনুষদের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রক্টরকে হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, গতকাল রাতে আমার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। তবে আমার পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ঘটনার পরই পুলিশকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়। রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি উদ্যোগ প্রয়োজন।
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
পোস্টে তিনি লেছেন, ‘মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না, বরং মনে হয়, কোনো ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন। নেত্রীকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে।’
ক্ষমতা চিরস্থায়ী নয় জানিয়ে তিনি আরও লেখেন, ‘আপনাদের বিদায়ের ঘণ্টা ইতোমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।’


