কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও বিএনপির সংঘর্ষে দুজন নিহত

শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সরসন্দী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাদন মৃধার ছেলে নিজাম মৃধা।
ইব্রাহিম জেলা যুবলীগের কর্মী এবং নিজাম শিবচর উপজেলা আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
এর আগে রোববার (২৯ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ৩০টি মোটরসাইকেল। বিএনপির তিনটি ক্যাম্পসহ কয়েকটি রেস্টুরেন্টেও আগুন দেওয়া হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ পক্ষগুলোকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের তিন কর্মী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শিবচরে কাঁঠালবাড়ি থেকে পদ্মা সেতু পর্যন্ত ভোরে নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া হয়। মুহূর্তেই সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ইব্রাহিম সিপাহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ নিজাম মৃধাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ জাতীয় যোগাযোগপথে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় চরম বিপাকে পড়েন যাত্রী ও চালকরা। নিরাপত্তার স্বার্থে প্রায় দুই ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় ভোগান্তির। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, দুজন মারা গেছেন বলে বিষয়টি আমরা শুনেছি। তবে কোন দলের কর্মী তারা, সেটা আমরা জানি না।


