Advertisement

ববিতে এক সপ্তাহের ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ববি
ববিতে এক সপ্তাহের ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যু
ববি শিক্ষার্থী ইয়াসিন ও হুসাইন। ছবি: এশিয়া পোস্ট

এক সপ্তাহের ব্যবধানে পৃথক ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের দুই শিক্ষার্থীর অকালমৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাতের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন একই বিভাগের শিক্ষার্থী হুসাইন গোলদার।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন। এর আগে গত ৯ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। পরপর দুই শিক্ষার্থীর মৃত্যুতে বাংলা বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।

ইয়াসিনের সহপাঠী রাকিবুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গত দেড় বছরের ব্যবধানে আমরা বাংলা বিভাগ থেকে চারজন শিক্ষার্থীকে হারিয়েছি। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ইয়াসিনের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আমার আরেক ভাই হুসাইন চলে গেল। সব মিলিয়ে বাংলা বিভাগে এখন শোক বিরাজ করছে।

হুসাইনের সহপাঠী সাজ্জাদ হোসেন বলেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলা বিভাগ হারাল তার দুই প্রিয় মুখ। ইয়াসিনের পরে এবার আমাদের সবার পরিচিত হুসাইন গোলদার। এই বারবার ক্ষয় আমাদের থমকে দাঁড় করায়, ভাবতে বাধ্য করে জীবনের ক্ষণ স্থায়িত্ব নিয়ে।

বাংলা বিভাগের সভাপতি ড. শারমিন আক্তার এশিয়া পোস্টকে বলেন, হুসাইনের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। তাকে ভারত থেকে দেশে নিয়ে আসা হচ্ছে। হুসাইন খুব ভালো ও লাজুক স্বভাবের ছিল। এভাবে চলে যাবে আমরা কল্পনাও করিনি। একটি শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি শোক— এতে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনেকটা ভেঙে পড়েছেন।

উল্লেখ্য, ইয়াসিন আরাফাতের মৃত্যুর পর নিরাপদ সড়কসহ চার দফা দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন ববি শিক্ষার্থীরা। অন্যদিকে, হুসাইনের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার চিকিৎসার ব্যয় মেটাতে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।