রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ না রাখলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, দুটি ককটেলের কথা শুনতে পেয়েছি। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি হয়নি।
এ ছাড়া আমাকে ১৯ তারিখ ক্যাম্পাস বন্ধ রাখার জন্য বলা হয়েছে, তা না হলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। জবাবে আমি বলেছি, তুমি পালিয়েছ, তোমার আপাও পালিয়েছে। সাহস থাকলে তোমরা আসো।





