শিবির ইস্যুতে প্রভোস্টের সঙ্গে হল ছাত্রদল নেতাদের বাগ্বিতণ্ডা

শিবির নেতাদের গুরুত্ব দেওয়া এবং তাদের নিয়ে হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধন করার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বাগবিতণ্ডা চলাকালে উপস্থিত ছিলেন হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাতসহ ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, খন্দকার মেহেদী, আব্দুল্লাহ আল মোস্তাফিজ, জালাল ফারাজী উপস্থিত ছিলেন।
ছাত্রদলের দাবি, সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য এবং গ্রিল স্থাপনে ছাত্রদল দাবি তুললেও, প্রভোস্ট হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলামকে ডাকেন।
প্রভোস্ট ড. সামিউল ইসলাম জানিয়েছেন, তিনি কাউকে আলাদাভাবে ডাকেননি। তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে আসেন। গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে বলা হয়। আজ সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উপস্থিতি নিশ্চিতে হলের কর্মকর্তারা শিক্ষার্থী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের অনুষ্ঠানের পূর্বে রিমাইন্ডার দেন।
এ বিষয়ে মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা দাবি করেন, সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য এবং গ্রিল স্থাপন করে সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদল দাবি তুললেও তাদের গুরুত্ব না দিয়ে শাখা শিবিরের নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের অনুষ্ঠানের ১০ থেকে ১৫ মিনিট আগে জানানো হয়েছে কিন্তু শিবির নেতাদের অনেক আগে জানিয়েছে। তাদের প্রভোস্ট বেশি গুরুত্ব দেন এবং এজেন্ডা বাস্তবায়ন করেন।
জানতে চাইলে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি শিবির হিসেবে নয়, সাবেক ভিপি হিসেবে উপস্থিত ছিলাম।
হল প্রশাসন উদাসীন মন্তব্য করে তিনি অভিযোগ করেন, গ্যারেজের কাজ অনেক আগে শেষ হয়েছে। হল সংসদ থাকাকালীন সময়ে এটা উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসন আমাদের জন্য বিষয়টি সহজ করেনি।

