logo

ঢাবির মুহসিন হলের মাঠে রহস্যময় বাক্স, গোলাপের সঙ্গে মিলল হুমকির বার্তা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঢাবি সংবাদদাতা
ঢাবির মুহসিন হলের মাঠে রহস্যময় বাক্স, গোলাপের সঙ্গে মিলল হুমকির বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠ থেকে উদ্ধার রহস্যময় বাক্স। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠে একটি রহস্যজনক বাক্স পাওয়া গেছে। সাদা ব্যাগে মোড়ানো ও লাল টেপ দিয়ে আটকানো বাক্সটি খুলে এর ভেতরে একটি গোলাপ ফুল এবং হুমকিসংবলিত চিঠি পাওয়া যায়। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন ও পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন বার্তা ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল বাক্সটি উদ্ধার করে। হলের মাঠে অশ্বত্থ গাছের নিচে বাক্সটি পড়ে ছিল।

উদ্ধার হওয়া চিঠিতে রাজনৈতিক বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘অবৈধ সরকারের অবৈধ হুলিয়া’ পালন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে বাক্সটি কারা সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

চিঠির শুরুতে ‘November Rain’-এর শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ২০২৪ সালের ‘মিসক্রিয়েন্ট’ ও মহান মুক্তিযুদ্ধবিরোধী ছাড়া অন্যদের অবস্থান এখন অভিন্ন। রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটামও দেওয়া হয়।

চিঠির পরবর্তী অংশে লেখা হয়েছে, ‘আজকে false sample দিলাম, সামনের দিন সামনাসামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। It's your eleventh hour!’ এ ছাড়া চিঠিতে উল্লেখ করা হয়, সেটি পড়ার সময়ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আশপাশে থেকে সবকিছু জানান দেওয়া হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না। বাক্সে থাকা ফুলের পাপড়ির মতো আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।’ চিঠির শেষাংশে ‘It's coming home’ উল্লেখ করে সব ধরনের শোষণের জবাব দ্রুত দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মুহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, তিনি ওই দিন ছুটিতে ছিলেন এবং ঢাকার বাইরে অবস্থান করছিলেন। ঢাকায় ফেরার পথে বিষয়টি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে নভেম্বরের শুভেচ্ছা জানিয়ে কিছু বক্তব্য লেখা রয়েছে।

চিঠির বিষয়ে পুলিশ কীভাবে তথ্য পেয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে জানতে চাইলে ওসি বলেন, তথ্যের গোপনীয়তা রক্ষার স্বার্থে উৎস প্রকাশ করা সম্ভব নয়। বিষয়টি সাধারণ ডায়েরিতে (জিডি) নোট করে রাখা হবে বলে জানান তিনি।