১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত কুবির ৪ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থী। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে তারা সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
সুপারিশপ্রাপ্তরা হলেন— কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শামীম আহমেদ, ২০১৭–১৮ শিক্ষাবর্ষের কলি এবং ২০১৮–১৯ শিক্ষাবর্ষের রেজওয়ানুল ইসলাম গণি ও নাজমুল হাসান।
সাফল্যের অনুভূতি জানিয়ে নাজমুল হাসান বলেন, ১৮তম বিজেএস-এ সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভবিষ্যতে একজন বিচারক হিসেবে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।
রেজওয়ানুল ইসলাম গণি বলেন, বিজেএস-এ সুপারিশপ্রাপ্তির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল। ভবিষ্যতে বিচারক হিসেবে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।
উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
