logo

বৃষ্টির মাঝে হাসপাতালের নিচে আশ্রয়, টাইলস পড়ে আহত ২ বোন

বৃষ্টির মাঝে হাসপাতালের নিচে আশ্রয়, টাইলস পড়ে আহত ২ বোন
লুৎফুন নেছা। ছবি: এশিয়া পোস্ট

হঠাৎ বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতালের নিচে আশ্রয় নিয়েছিলেন লুৎফুন নেছা ও তার ছোট বোন। এ সময় তাদের মাথার ওপর হাসপাতালের ভবনের টাইলস খুলে পড়লে দুজনই আহত হন। পরে তাদের ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিটি হাসপাতালের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।

আহত লুৎফুন নেছা পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তিনি রায়েরবাজারের ইত্যাদি এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় লুৎফুন নেছার ছেলে সাকিব ইমরান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি এবং সময়মতো সঠিক চিকিৎসা করেনি। পরে স্বজনদের প্রতিবাদের মুখে আহতদের মাথায় সেলাই করা হয়।

সাকিব জানান, তার মা ও ছোট খালা সিটি হাসপাতালের পাশ দিয়ে লালমাটিয়া যাওয়ার সময়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা আশ্রয় নেওয়ার জন্য সিটি হাসপাতালের প্রবেশপথে দাঁড়ান। হুট করে ১০ থেকে ১৫ ফুট ওপর থেকে কয়েকটি টাইলস খসে তাদের মাথায় এসে পড়ে। এতে দুজনই আহত হন। এর মধ্যে সাকিবের মা গুরুতর জখম হন।

অভিযোগ রয়েছে, সিটি হাসপাতালের ম্যানেজার মো. নেছার এ বিষয়ে দায়িত্বশীল আচরণ না করে সব ‘আল্লাহর ওপর ছেড়ে দিন’ বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, হাসপাতালের টাইলস খুলে দুজন আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।