তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সিরাজ আবাসিক ছাত্রীনিবাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও আবাসিক শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে কে বা কারা ছাত্রীনিবাসের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দ শুনে শিক্ষার্থীরা হল থেকে বাইরে বেরিয়ে এলেও ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি।
ঘটনার বর্ণনা দিয়ে হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া জাহান অশ্রু বলেন, ‘রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে হলের গেটে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দ শুনে আমরা বাইরে বের হয়ে আসি। কিন্তু সেখানে কাউকে দেখতে পাইনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। কিছুক্ষণ পরই পুলিশ আসে। এ ঘটনায় হলে অবস্থানরত আমরা সবাই অনেক ভয়ের মধ্যে আছি।’
এদিকে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। তবে কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সিরাজ আবাসিক ছাত্রীনিবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।



