রাজধানীতে একের পর এক বাসে আগুন, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ

রাজধানী ঢাকায় একের পর এক বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্যে এসব ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা এবং মিরপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী ছিল না।
ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা–পুলিশ।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। কে বা কারা পেছন থেকে আগুন দিয়েছে। তবে কেউ হতাহত হননি।
মহাখালীর আগুনের বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজনই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন।
রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুরের চিড়িয়াখানার রোডেও বাসের আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর কোতোয়ালী এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এতে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
যাত্রাবাড়ীতে রাত ৮টা ৪০ মিনিটের দিকে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে কেউ হতাহত হননি।
মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে ডিসি কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বসিলায় র্যাব-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্যামলী এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডিসি কার্যালয়ের সামনে নিক্ষেপ করা একটি ককটেল বিস্ফোরিত না হওয়ায় পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
রাজধানীর আদাবর থানাধীন শিয়া মসজিদ এলাকায় টপটেন শোরুমের কোনায় একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে সেটি ঘিরে রাখে পুলিশ। এ ছাড়া মহাখালী বাসস্ট্যান্ড ও খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ ছাড়া রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে একটি কাচের বোতল, বোতলের মুখে লাগানো স্কচটেপ এবং গেঞ্জির পোড়া অংশ পাওয়া যায়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইজহার আলী জানান, বোতলে কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ দিয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু তৈরি করে পুলিশ বক্স লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে কেউ হতাহত হননি এবং পুলিশ বক্সটিও অক্ষত রয়েছে।






