logo

এবার রাজধানীর বাড্ডা ও রামপুরায় বাসে আগুন

এবার রাজধানীর বাড্ডা ও রামপুরায় বাসে আগুন
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মহাখালী ও পল্লবীর পর এবার বাড্ডা লিংক রোড এবং রামপুরা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা এবং সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম জানান, বাড্ডা লিংক রোডের হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দেওয়ার খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

Advertisement

এদিকে রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনেও আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

চারটি ঘটনায়ই এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।