শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে জিডিপির ন্যুনতম ৬ শতাংশ বরাদ্দের দাবি

শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দের দাবিতে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড়ে সংগঠনটির ঢাকা নগর শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি নওশিন মুশতারী সাথী। শাখার সম্পাদক নাহিয়ান রেহমান রাহাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান, ইডেন কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাইনা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাবিন আবতাহি, সরকারি বাঙলা কলেজ শাখার সংগঠক আহাদ আলী এবং নগর শাখার সহ-সভাপতি পঙ্কজনাথ সূর্য।
সভাপতির বক্তব্যে নওশীন মুশতারী সাথী বলেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের আশা করেছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার, কেউই শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিতে পারেনি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিবর্তে ধারাবাহিকভাবে অবহেলা ও সংকোচনের নীতিই বজায় রাখা হয়েছে। সরকার বদলালেও শিক্ষার্থীদের সংকটের কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি। আবাসন সংকট, পরিবহন সংকট, শিক্ষক সংকট, গবেষণায় অপ্রতুল বিনিয়োগ এবং শিক্ষার ক্রমবর্ধমান ব্যয় আজও বহাল রয়েছে। শিক্ষাকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত না করলে বৈষম্যহীন, সর্বজনীন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।
সমাবেশে ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ঢাকা কলেজে শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলেও সেই অনুপাতে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। নতুন একাডেমিক ভবন নির্মিত হলেও দীর্ঘদিন ধরে লিফট চালু না থাকায় ভবনটি পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা যাচ্ছে না। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিবহন সুবিধার ঘাটতি রয়েছে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত শিক্ষা কার্যক্রমের নানা প্রশাসনিক জটিলতাও শিক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়েছে। শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ ছাড়া এসব সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
ইডেন কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাইনা বলেন, দেশের বৃহত্তম নারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হওয়া সত্ত্বেও ইডেন কলেজে আবাসন সংকট, পরিবহন সংকট এবং স্যানিটেশন সমস্যার কার্যকর সমাধান হয়নি। অনেক শিক্ষার্থীকে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে ইডেন কলেজসহ দেশের সকল নারী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষাসেবা নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ এবং জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।






