পটুয়াখালীর উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা পালনের আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর

পটুয়াখালী জেলার উন্নয়নে সাংবাদিকদেরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, পটুয়াখালী-১ আসনের সাংসদ আলতাফ হোসেন চৌধুরী।
আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে তার বাসভবনে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম-পিজেএফ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। এ সময় পিজেএফ নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী এসময় পিজেএফ’র নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
দীর্ঘ আলোচনায় সাবেক আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীর উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এ অঞ্চলের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। জনমতের গুরুত্ব তুলে ধরে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী পিজেএফকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান ।
এসময় পিজেএফ সভাপতি বদরুল আলম নাবিল অঞ্চলভিত্তিক উন্নয়ন রুপরেখা ও এর সামগ্রিক প্রয়োগ নিয়ে একটি সেমিনার আয়োজনের কথা তুলে ধরেন। পিজেএফ সভাপতি বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির অন্য সদস্যরা।