রাজধানীর মতিঝিল থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল থেকে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






