logo

রাজধানীতে যুবলীগ ও ছাত্রলীগের ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে যুবলীগ ও ছাত্রলীগের ৩ সদস্য গ্রেপ্তার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁও ও তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক নেতা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ও দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া ছোট বটতলা এলাকার আব্বাসউদ্দিন রোডের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. শামসুদ্দিন শামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অন্যদিকে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তুরাগ থানার ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের পরিচয় মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন সদস্য সেখানে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ইয়াসিন ও রিফাতকে আটক করা হয়।

এ সময় ইয়াসিনের কাছ থেকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত একটি মুখোশ এবং রিফাতের কাছ থেকে ‘আমি দোকানদার আমিই জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া তুরাগের ঘটনায় পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।