জাতীয় চিড়িয়াখানায় আফ্রিকা থেকে এলো ৪ অতিথি

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় যোগ হয়েছে নতুন চার বিদেশি প্রাণী। চিড়িয়াখানার প্রাণিবৈচিত্র্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে দুটি ‘কমন ইল্যান্ড’ ও দুটি পুরুষ ‘ওয়াইল্ডিবিস্ট’।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই বন্যপ্রাণীগুলোকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই নতুন প্রাণীর সংযোজন।’
একই সঙ্গে তিনি চিড়িয়াখানাকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে আনা কমন ইল্যান্ড দুটির মধ্যে একটি পুরুষ ও একটি স্ত্রী। কমন ইল্যান্ড মূলত আফ্রিকার বৃহত্তম প্রজাতির অ্যান্টিলোপ (হরিণজাতীয় প্রাণী) হিসেবে পরিচিত। অন্যদিকে সদ্য আনা পুরুষ ওয়াইল্ডিবিস্ট দুটি আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী অত্যন্ত পরিচিত ও চঞ্চল স্বভাবের আকর্ষণীয় বন্যপ্রাণী।
প্রাণী অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ চিড়িয়াখানার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই চার অতিথির সংযোজন জাতীয় চিড়িয়াখানার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আসন্ন উৎসবের দিনগুলোতে দর্শনার্থীদের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে।






