logo

গোলাপি হয়ে গেছে হাতিরঝিলের পানি

গোলাপি হয়ে গেছে হাতিরঝিলের পানি
হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে। ছবি: প্রথম আলো

রাজধানীর হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে এমন অদ্ভুত বিষয় লক্ষ করেছেন রাজধানীবাসী। এই ঝিলের দূষিত পানি কেন গোলাপি রং ধারণ করল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কৌতূহল তৈরি হয়েছে।

হাতিরঝিলের এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার অংশের পানিতে গোলাপি আভা দেখা গেছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রথম আলো।

Advertisement

বেসরকারি ব্যাংকে কর্মরত নেসার উদ্দিন গণমাধ্যমটিকে বলেন, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসির অংশে হঠাৎ গোলাপি রং চোখে পড়ে। এটার কারণ কী, কোত্থেকে এটি আসছে, সেটা নিয়ে যাত্রীদের মধ্যে আলাপ হয়। তবে আসল কারণ জানা যায়নি।

হাতিরঝিলে চলাচল করা ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সপ্তাহখানেক আগে রাজউকের লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছে। এরপর থেকেই রং পাল্টে গেছে।

এই লেকের তত্ত্বাবধানে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষও (রাজউক) এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কারণ, জানতে তারা শরণাপন্ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের কাছে।

রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম বলেন, ‘হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ রহস্য উদ্‌ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।’

এরপরেই বুয়েটের বিশষজ্ঞ টিম হাতিরঝিলের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন গভীরতায় পানির নমুনা সংগ্রহ করেছে।

তিন ধরনের ব্যাকটেরিয়াকে সন্দেহ

বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে একটি প্রকল্প নেওয়া হয়। কয়েক দফা ব্যয় ও মেয়াদ বৃদ্ধির পর প্রকল্প শেষ হয় ২০২১ সালে। ২ হাজার ২৩৬ কোটি টাকা ব্যয়ে ঝিলের রাস্তাঘাট, উড়ালসড়কসহ নানা অবকাঠামো হয়েছে। ঝিলটি খননও করা হয়েছে। কিন্তু পয়োবর্জ্য ফেলা বন্ধ হয়নি। এখনও ঝিল থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর মধ্যে গোলাপি রং ধারণ করা পানি মানুষের কৌতূহল বাড়িয়েছে।

বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন বলেন, ৩ নভেম্বর তারা হাতিরঝিলের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন গভীরতায় পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক পরীক্ষায় হাতিরঝিলের পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বুয়েটের গবেষক দল হাতিরঝিলের পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়া পেয়েছেন। পানির গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে।

হাতিরঝিলের পানিতে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ফেলা হয়। এ কারণে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ অনেক বেশি পাওয়া যায় বলে উল্লেখ করে অধ্যাপক আয়শা শারমিন বলেন, পানির এ অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ইউট্রোফিকেশন’। এর মধ্যে পানির গন্ধ কমাতে চুন দেওয়া হয়েছিল। যার কারণে পানিতে অম্ল ও ক্ষারের (পিএইচ) পরিমাণ বেড়ে গেছে।

এ অবস্থায় পার্পল সালফার ব্যাকটেরিয়া ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে জানিয়ে তিনি বলেন, এ ধরনের ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করতে পারে, যার কারণে পানির রং পরিবর্তিত হয়ে গোলাপি হতে পারে। এর বাইরে সায়ানো ব্যাকটেরিয়াও থাকতে পারে। তবে নির্দিষ্টভাবে কোন ব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বুয়েট চলতি মাসের শেষের দিকে গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে দেওয়ার চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আয়শা শারমিন।