logo

রমনায় ককটেল বিস্ফোরণ, চার ককটেলসহ গ্রেপ্তার ২

রমনায় ককটেল বিস্ফোরণ, চার ককটেলসহ গ্রেপ্তার ২
জব্দ করা ককটেল। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪টি ককটেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন আমি (১৯)।

এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে রমনা মডেল থানাধীন রমনা শপিং কমপ্লেক্সের বিপরীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল আনুমানিক সোয়া ৭টায় মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পরে জননিরাপত্তার স্বার্থে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট