বিদেশি অস্ত্রের ব্যবসা করতেন ‘জর্দা শামীম’, ৩ সহযোগীসহ গ্রেপ্তার

বিদেশি পিস্তল-রিভলবার ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ অস্ত্র ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীম’ ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এসআরবি জানায়, ‘জর্দা শামীম’ ঝালকাঠিতে তার অবৈধ অস্ত্রের মাধ্যমে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিল। তিনি নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্যাতনসহ চাঁদাবাজি, জমি দখল এবং ভয়ভীতি প্রদর্শন করতে অস্ত্র ব্যবহার করতেন এবং অস্ত্র ব্যবসায়ী ছিলেন।
ইন্তেখাব চৌধুরী বলেন, আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এসআরবি ফোর্সেস গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঝালকাঠিতে মো. শামীম আহমেদ এর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
তিনি বলেন, শামিম গ্রেপ্তারের পর তার অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখা ও বেচাকেনার উদ্দেশ্যে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম এবং শ্যালকের সহযোগিতায় বরিশালের গৌরনদীতে অবস্থিত 'শাহী ৯৯ পার্ক' এ নিয়ে আসে। ভ্যানচালক মো. রবিউল বেপারী নিজ বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে রাখার ব্যবস্থা করে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৮ এর একটি দল গত (১৭ নভেম্বর) রাতে বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাটাজোর এলাকায় মো. রবিউল বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে উদ্ধার ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার ও ১টি এয়ারগানসহ সর্বমোট ৮টি অস্ত্র, ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজসহ সর্বমোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ, ১ ম্যাগাজিন আনলোডারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।


