logo

কলাবাগানে ১৭ মামলার আসামি সাইদুল গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

কলাবাগানে ১৭ মামলার আসামি সাইদুল গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড
গ্রেপ্তার। প্রতীকী ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৭ মামলার পলাতক আসামি ও চিহ্নিত ছিনতাইকারী সাইদুল ইসলাম রনিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে কলাবাগান থানার পুকুরপাড় চায়ের গলির পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি পুলিশ টিম সড়কটিতে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে থানার রেকর্ডপত্র ও অপরাধী তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত সাইদুলের বিরুদ্ধে কলাবাগান, শাহবাগ ও ধানমন্ডি থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি, হত্যাচেষ্টা ও চুরি সংক্রান্ত বিভিন্ন অপরাধে এসব মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।