উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া চেকপোস্ট এলাকায় তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর এশিয়া পোস্টকে জানান, উত্তরা পশ্চিম থানার এসআই (নিরস্ত্র) মো. মাহবুবুল হক রানির নেতৃত্বে পুলিশের একটি দল কামারপাড়া চেকপোস্টে ডিউটি করার সময় সন্দেহভাজন সাইদুল ইসলাম ওরফে কালুকে তল্লাশি করে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার মদনপুর গ্রামে। তার বাবার নাম মৃত ফরেজ আলী মোস্তফা এবং মায়ের নাম মোসা. লতিফা বেগম।
ওসি খালিদ মুনসুর জানান, গ্রেপ্তার সাইদুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলমান।


