রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৩৭ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ককটেল, গান পাউডারসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৩ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪৩ জন এবং মতিঝিল বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ ৭ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ১০ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং চার বোতল দেশীয় মদ উদ্ধার করে।
এ ছাড়া অভিযানে একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






