ককটেল বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি আহত

রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি হিসেবে কর্মরত আছেন।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত জাহাঙ্গীরের ভাই আল আমিন জানান, ককটেলের আঘাতে তার ভাইয়ের মাথা ও চোখে আঘাত লেগেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুষ্কৃতকারীদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে জাহাঙ্গীর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।







