খিলগাঁওয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা-পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শওকত আলী সোহাগ (৪৫), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগী সুমন (২৮)।
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা-পুলিশের একটি দল তিলপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

