মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম পুলিশ সদস্যকে মারধরের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় কয়েকজনের ধাক্কাধাক্কি ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস ও মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের সঙ্গে কাজ করে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এর আগে কয়েকজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এর জের ধরে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকানের সামনে সোহেল শেখের ওপর হামলার অভিযোগ ওঠে। সোহেলের অভিযোগ, এ সময় বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদারসহ কয়েকজন তাকে লাঠি দিয়ে মারধর ও হত্যার হুমকি দেন। পরে আহত অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা চেয়ে তালা থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
অভিযোগ ও জিডির ভিত্তিতে রোববার রাতে অভিযুক্তদের গ্রেপ্তারে হাজরাকাটি গ্রামে অভিযান চালায় তালা থানা পুলিশ। পুলিশ জানায়, অভিযানকালে হযরত নামে এক ব্যক্তিকে আটক করার পর কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে বিরোধে জড়ান। একপর্যায়ে আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং অভিযানকারী পুলিশ সদস্যদের আটকে রাখা হয় বলে দাবি পুলিশের।
খবর পেয়ে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সদস্যদের সেখান থেকে বের করে আনা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গ্রাম পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে একটি দল পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা এবং মাদকসংক্রান্ত অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
