logo

নারায়নগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

নারায়নগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার করা আট ফুট দৈর্ঘ্যের মিঠা পানির কুমিরটি গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া মিঠা পানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের সংশ্লিষ্টরা উদ্ধার হওয়া কুমিরটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে গত কয়েকদিন ধরে একটি কুমির দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় তিনদিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটিকে ধরা হয়। কুমিরটির দৈর্ঘ্য আট ফুট। সংশ্লিষ্টদের নির্দেশনায় কুমিরটি সংরক্ষণ ও পরিপালনের নিমিত্তে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, মিঠা পানির কুমির বা স্বাদুপানির কুমির নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। এগুলো সাধারণত লবণাক্ত পানির কুমিরের তুলনায় আকারে ছোট হয়। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রঙ জলপাই বাদামি বা ধূসর হয়। এরা মাংসাশী; মূলত মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড় ও ছোট প্রাণী শিকার করে। মিঠা পানির কুমির লাজুক স্বভাবের হয় এবং বিরক্ত না করলে মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার (চলতি দায়িত্বে) বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠা পানির একটি কুমির উদ্ধার করে রাতে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগের সংশ্লিষ্টরা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। কুমিরটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।