গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের শ্রমিক বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার কয়েকটি স্থানে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে মাস্টারবাড়ি এলাকায় পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকেরা শ্রীপুর ও সালনা এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার চান্দনা চৌরাস্তা, ভোগরা ও সাইনবোর্ড এলাকায় শ্রমিক আন্দোলন হয়েছিল। তবে আজ এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অঞ্চলে কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে নামার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছেন। আজও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। কারখানার সংখ্যা পরে জানানো হবে।





