ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শাহিন (৩০) মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী লিমা পারভীন (২৬) আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
রোববার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক হারুন উর রশিদ বিপুল।
এর আগে, শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহিন ও তার স্ত্রী লিমা পারভীনসহ চারজন দগ্ধ হন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, শাহিন ও লিমা দুজনেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়েছে এবং লিমা বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ছাড়া হোসেনের শরীরের ১২ শতাংশ এবং শাহেদের ৩ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন বলেন, লিকেজের মাধ্যমে পুরো ফ্ল্যাটে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরে চুলা জ্বালানোর চেষ্টা করলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমে ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।






