logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সাতকানিয়ায় সেপটিক ট্যাংকে নেমে কিশোরের মৃত্যু, অসুস্থ ৩

সাতকানিয়ায় সেপটিক ট্যাংকে নেমে কিশোরের মৃত্যু, অসুস্থ ৩
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে নেমে দুর্ঘটনাটি ঘটে। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে নেমে নাজমুল হোসেন (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরে অক্সিজেনস্বল্পতা ও গ্যাসের প্রভাবে তাকে উদ্ধারে নামা আরও তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেশুয়া এলাকায় ডাক্তার নাছির উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত নাজমুল হোসেন বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম মাঝিপাড়া এলাকার মো. ওসমান গণির ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুলসহ কয়েকজন শ্রমিক স্থানীয় রাজমিস্ত্রি ও ঠিকাদার মোস্তফা মেস্ত্রির অধীনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার সকালে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে নাজমুল ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার সাড়া না পেয়ে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তারাও ট্যাংকের ভেতরের অক্সিজেনস্বল্পতা ও গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। অসুস্থ তিনজনের মধ্যে ঠিকাদার মোস্তফা মিস্ত্রি (২৭) ও মো. শফিক (৩০) রয়েছেন। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, প্রায় তিন মাস ধরে বন্ধ থাকা সেফটি ট্যাংকের ভেতরে বৃষ্টির পানি জমে গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। অক্সিজেনের অভাবে নাজমুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ট্যাংকের ভেতরে কী ধরনের গ্যাস ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুকুরিয়াস্থ সিবি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ চৌধুরী জানান, নাজমুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অপর তিনজনের অবস্থা স্থিতিশীল। তারা আশঙ্কামুক্ত।

এদিকে ছেলের মৃত্যুর জন্য ঠিকাদারের অবহেলাকে দায়ী করেছেন নাজমুলের বাবা মো. ওসমান গণি। তিনি অভিযোগ করেন, সেপটিক ট্যাংকটি প্রায় তিন মাস ধরে ঢাকনা দিয়ে বন্ধ ছিল। ভেতরের অবস্থা যাচাই না করেই ঠিকাদার তার ছেলেকে সেখানে নামতে বলেন।

ওসমান গণির অভিযোগ, দুর্ঘটনার পর ভবনমালিকও উদ্ধারকাজে সহযোগিতা করেননি। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় হাতুড়ি দিয়ে ট্যাংকের নিচের অংশ ভেঙে ছেলেকে উদ্ধার করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সাতকানিয়া থানা-পুলিশ তাদের বিষয়টি জানিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট