logo

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার খবরে জানালা ভেঙে পালালেন নারী

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার খবরে জানালা ভেঙে পালালেন নারী
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে। ভিডিওটি নজরে আসার পর স্থানীয় লোকজন ওই নারীকে তার বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার খবর পেয়ে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

অভিযুক্ত ঝর্ণা আক্তার একই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

স্থানীয় লোকজন জানান, ঝর্ণা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি স্থানীয় লোকজনের নজরে এলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। পরে তারা ঝর্ণার বাড়ি ঘেরাও করে তাকে একটি ঘরে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

ঝর্ণা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, আমার স্ত্রী এমন টিকটক ভিডিও তৈরি করেছে বলে জানতে পেরেছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা তার মোটেও উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, টিকটকের ভিডিওর বিষয়টি শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারী কটূক্তি করে টিকটক ভিডিও তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।