logo

মুন্সীগঞ্জে শ্রমিক দল নেতার কার্যালয়ে আগুন, সিসিটিভিতে তিন মুখোশধারী

মুন্সীগঞ্জে শ্রমিক দল নেতার কার্যালয়ে আগুন, সিসিটিভিতে তিন মুখোশধারী
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাতের আঁধারে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কার্যালয়ে আগুন। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাতের আঁধারে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের শিকার কার্যালয়টি সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার। স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১২টার দিকে মুখোশ পরা তিন ব্যক্তি হাতে কেরোসিনের বোতল নিয়ে বাজারের পূর্ব পাশ থেকে কার্যালয়ের দিকে যাচ্ছেন। পরদিন শনিবার সকালে কার্যালয় খুলতে এসে ভেতরে অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পান সংশ্লিষ্টরা।

Advertisement

বাদশা মিয়া বলেন, শুক্রবার রাত ১০টা পর্যন্ত তারা কার্যালয়ে অবস্থান করেছিলেন। পরে সবাই বাড়ি চলে যান। সকালে এসে কার্যালয়ের তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে আগুন লাগানোর বিষয়টি তাদের নজরে আসে।

তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে সিরাজদিখান উপজেলা শ্রমিক দল সক্রিয় থাকায় তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।