logo

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
দুর্ঘটনায় নিহত ছয় মাসের শিশু সাইফানের স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় ছয় মাস বয়সি শিশু সাইফানের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত সাইফান এনায়েতনগরের মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত শিশুর বাবা মোজাম্মেল হক জানান, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রিকশায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে ফরাজীকান্দা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল রিকশাটিকে ধাক্কা দেয়। এতে শিশু সাইফান নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করার আগ্রহ নেই বলে জানানো হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।