নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। এ সময় বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বাসটিতে আগুন লাগার কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। হাইওয়ে পুলিশের দাবি, যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের ধারণা, যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়েছেন।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাসচালকের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েন বলে তিনি জেনেছেন। তবে তার ভাষ্য, অন্য কোনো কারণে নয়, যান্ত্রিক ত্রুটি থেকেই বাসটিতে আগুন লেগেছে।





