বান্দরবানে ইয়াবা সেবনের আসরে প্রশাসনের অভিযান, চারজন কারাগারে

বান্দরবানের আলীকদম উপজেলায় ইয়াবা সেবনের আসরে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিট থেকে দুইটা ১০ মিনিট পর্যন্ত উপজেলার আলীর বাজার ও নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সাইফুল, আব্দুস ছামাদ, মোহাম্মদ ইলিয়াছ বাবু ও ইয়াছিন। তাদের মধ্যে সাইফুল ও আব্দুস ছামাদকে তিন মাস করে, মোহাম্মদ ইলিয়াছ বাবুকে এক বছর এবং ইয়াছিনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমে উপজেলার এক নম্বর আলীকদম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আলীর বাজার এলাকার আলীর গুহা সংলগ্ন ব্রিজের নিচে অভিযান চালানো হয়। পরে তিন নম্বর নয়াপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ায় নুরুচ্ছফার দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। এ সময় আলীকদম থানার মোবাইল-৬১ ও পেট্রোল-৬১ দলের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সঙ্গে ছিলেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, মাদকবিরোধী অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সহযোগিতা করেছে। অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সাজা দেওয়ার পর ম্যাজিস্ট্রেট দণ্ডপ্রাপ্তদের পুলিশ হেফাজতে দেন। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে। আলীকদমে মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
